রংপুর প্রতিনিধিঃ
গাইবান্ধায় পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে যৌথ মোবাইল কোর্ট।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় র্যাব-১৩, জেলা প্রশাসন, গাইবান্ধা জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন ইটভাটায় অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ ও মার্কারি সমৃদ্ধ কয়লা ব্যবহার এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স আনোয়ারা ব্রিক্সের মালিক মো. আল মামুনকে ৫ লাখ টাকা, মেসার্স সরকার ব্রিক্সের মালিক মো. আশরাফুল হাবিবকে ৪ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এসআই ব্রিক্সের মালিক শরিফুল আলম উজ্জলকে ৫ লাখ ৫০ হাজার টাকা, এ জেড বি ব্রিক্সের মালিক আজিজকে ৩ লাখ টাকা এবং এমএবি ব্রিক্সের মালিক আনোয়ার হোসেন সরকারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১৩ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।