রংপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামে প্রতারণা মামলায় পাঁচ বছর এক মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও রাহাজানিসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল রোববার (১৫ মার্চ) রাত ৯টার দিকে কুড়িগ্রাম সদর থানাধীন কুড়িগ্রাম পৌরসভার খলিলগঞ্জ এলাকার ধনীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জিআর-১৬৮/২৩ (কুড়িগ্রাম) মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মতিয়ার রহমান (৫০) কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার খগরাজী পাড়া কৃষ্ণপুর এলাকার মৃত নবাব আলীর ছেলে।
র্যাব জানায়, পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় দায়ের করা প্রতারণা মামলায় আদালত তাকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।