নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় বাবার বাড়িতে মোছাঃ রোজিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে সৃষ্ট মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
নিহত রোজিনা বেগম উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মোঃ রসুল মিয়ার মেয়ে এবং মোঃ খোকন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোজিনা বেগম গত কিছু দিন ধরে শারীরিক ভাবে বেশ অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সম্প্রতি তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে অবস্থান করছিলেন। আজ (বুধবার) পরিবারের অগোচরে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতাই তাকে এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়ে থাকতে পারে।
কাউনিয়া থানার পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।