রংপুর প্রতিনিধিঃ
মিডিয়ায় বহুল আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পঞ্চগড়ের পকেটমারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১৩। অভিযানে লুন্ঠিত টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে আসছে। চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি ও অন্যান্য গুরুতর অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে গণপরিবহন, শপিংমল ও জনাকীর্ণ স্থানে পকেটমার ও মোবাইল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এসব অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ভিকটিম মোঃ হবিবর রহমান তার পরিবারকে নিয়ে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌর মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। একটি দোকানে জামাকাপড় দেখার সময় পকেটমার আনোয়ার ওরফে নিতাই আনোয়ার কৌশলে তার পাঞ্জাবীর পকেট থেকে ঈদের কেনাকাটার জন্য আনা ১৩ হাজার টাকা নিয়ে যায়। কিছুক্ষণ পর ভিকটিম বিষয়টি টের পেয়ে হতভম্ব হয়ে পড়েন। এতে পরিবারের ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।
ঘটনাটি স্থানীয় সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান বাবু প্রথমে প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অপরাধীকে গ্রেফতারের দাবি ওঠে।
এরপর র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫ মার্চ বিকেল ৩টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০)-কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লুন্ঠিত ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামি দীর্ঘদিন ধরে পকেটমারের সঙ্গে জড়িত। সে বিভিন্ন মার্কেটের ভিড়ের মধ্যে ঢুকে মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত থাকে, তখন কৌশলে তাদের পকেট থেকে মোবাইল ফোন বা মানিব্যাগ চুরি করে।
র্যাব আরও জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ যেন নিরাপদে কেনাকাটা করতে পারে, সে লক্ষ্যে তারা বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ ধরনের অপরাধ দমনে র্যাবের সদস্যরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।