দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেখপুরা বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. রেজাউল ইসলাম (৪৭)–কে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের সময় আসামির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি পলিব্যাগ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।